রাজধানীর মিরপুরের বুশরা ক্লিনিক থেকে শনিবার দুপুরে পলিথিনে মুড়ে নবজাতককে ফেলে দেওয়ার সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পলিথিনে থাকা অবস্থায় ওই নবজাতকের মৃত্যু হয়। রক্তাক্ত পলিথিন হাতে থাকা রমজান নামের যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ রমজানের হাতে থাকা পলিথিনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৯৯৯ এ ফোন দিলে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমজানকে আটক করে।
মিরপুর থানার এসআই শিপন বলেন, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ওই ক্লিনিকে এক বছর আগে কাজ করতেন। দুপুরে ক্লিনিকের ম্যানেজার মামুন ফোনে তাকে ডেকে নবজাতকটি ফেলে দিতে বলেন। এ জন্য ৩০০ টাকা দেওয়ার কথাও জানান ম্যানেজার।
পুলিশ জানায়, এ ঘটনায় ক্লিনিকের মালিক জয়নাল, নার্স লিপি, ম্যানেজার মামুন ও আটক রমজানের বিরুদ্ধে মামলা হয়েছে। রমজানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারের পর নবজাতকের বিষয়ে জানা যাবে।
জানা গেছে, এর আগেও ওই ক্লিনিকে দুই বার অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার গ্রেপ্তার করেছে র্যাব।
