পঞ্চগড় জেলা শহরের মিঠাপুকুর এলাকায় পড়ে ছিলেন অসুস্থ এক ব্যক্তি। দূরে দাঁড়িয়ে এই দৃশ্য অনেকে দেখলেও করোনা সংক্রমিত ভেবে ভয়ে কেউ তার কাছে যায়নি। একপর্যায়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। এর মধ্যে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। তাকে মাটি থেকে তুলে সেবাশুশ্রƒষা করেন তারা। পরে কিছুটা সুস্থ হলে পরিচয় জেনে পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম মনসুর আলী (৪৫)। বাড়ি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবাড়া গ্রামে। গত শুক্রবার দুপুরে তিনি বাড়ি থেকে দাঁতের চিকিৎসা করানোর জন্য পঞ্চগড়ে আসেন। বিকেলে মিঠাপুকুর এলাকার একটি মাঠে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কিন্তু ভয়ে কেউ তার কাছে যায়নি। এদিকে ওই অপরিচিত লোককে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। একপর্যায়ে ওই অসুস্থ ব্যক্তিকে তাড়াতে লাঠি নিয়ে তৈরি হয় স্থানীয়রা। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিকী ও কনস্টেবল মোজাম্মেল ওই ব্যক্তিকে মাটি থেকে তুলে সেবা শুশ্রƒষা করেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি কিছুটা সুস্থ হলে তার কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করে পুলিশ।
