হলি ফ্যামিলি হাসপাতালেও শুধু করোনা চিকিৎসা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৫:৩২ এএম

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করেছে সরকার। গত শনিবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উপসচিব মো. আবু রায়হান মিঞার স্বাক্ষরে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, হলি ফ্যামিলি হাসপাতালের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে হাসপাতালটি শুধু কভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবার জন্য পরিচালিত হবে। চিকিৎসার জন্য পরিচালনা ব্যয় নির্ধারণ করে রোগীর চিকিৎসার ব্যয় বাবদ খরচ সরকার থেকে বহন করা হবে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ফুলবাড়িয়া এলাকার রেলওয়ে হাসপাতাল, নয়াবাজারের মহানগর জেনারেল হাসপাতাল এবং মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে। এর বাইরে বেসরকারি হাসপাতালের মধ্যে রিজেন্ট হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে।

এ ছাড়া ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতাল, মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত