শিবচরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৮:৩০ এএম

মাদারীপুরের শিবচরে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের দক্ষিণ চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পরে রাত আটটার দিকে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- জামাল ফকির, ইব্রাহীম, সামসু ফকির  মজিবর ফকির,মান্নান ফকির, রবিউল মোল্লা, রফিকুল মোল্লা, শরিফুল মাদবরসহ প্রায় ১৫ জন।

এদের মধ্যে শরিফুল মাদবরের অবস্থা গুরুতর থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া ৪/৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চরকামারকান্দি গ্রামে সিদ্দিক মাস্টার ও হযরত মাদবর গংদের সহিত ফকির বংশের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

রবিবার সন্ধ্যার দিকে ফকির বাড়ির লোকজন তাদের বাড়ির মসজিদে মাগরিবের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সিদ্দিক মাষ্টার, হরযত মাদবর, মোসলেম মাদবর, মোকসেদ মাদবর, বিল্লাল মাদবরসহ প্রায় ১৫ থেকে ২০ জন ফকির বাড়ির মসজিদে বসে থাকা লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তারা আহত হন। এ ঘটনায় প্রায় ১৫ জন গুরুতর আহত হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম বলেন, ইতিমধ্য আহত ৮ জন ভর্তি হয়েছে। ৪/৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া শরিফুল নামে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাগরিবের নামাজের সময় ঘটনা শুনে আমি পুলিশ পাঠাই। এখন এলাকা শান্ত রয়েছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত