স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী আব্দুর রাজ্জাক খোকনকে লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা বটতলা এলাকার নিজ বাড়ি থেকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
লালমনিরহাট সদর থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লালমনিরহাট শহরের তালুক খুটামারা (বটতলা) এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে (সাবেক বিজিবি সদস্য) আব্দুর রাজ্জাক খোকন (৫০) এর সঙ্গে ৭ বছর আগে বিয়ে হয় একই এলাকার বানভাসা মোড়ের আব্দুস সামাদের মেয়ে লাকী বেগমের (২৭)।
বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য লাকীর উপর শারীরিক নির্যাতন চালাতেন খোকন।
গত ২২ এপ্রিল যৌতুকের জন্য লাকীকে মারধরের এক পর্যায়ে তার শরীরে আগুন লাগিয়ে দেন খোকন। গুরুতর আহত অবস্থায় দগ্ধ লাকীকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরদিন অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ২৫ এপ্রিল বিকেলে বাড়িতে নিয়ে আসা হয় লাকীকে। রবিবার রাতে লাকী মারা যান।
খবর পেয়ে রাতেই লালমনিরহাট সদর থানা পুলিশ স্বামী খোকনকে গ্রেপ্তার করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
রবিবার গভীর রাতে নিহতের মামা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যৌতুকের কারণে লাকীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে মর্মে আব্দুর রাজ্জাক খোকনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
