১০০ পরিবারকে খাবার দিলেন স্বাস্থ্য কর্মকর্তা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০১:১৪ পিএম

কাজ নেই। আয় নেই। কমছে খাবার। নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্টি হওয়া এমন পরিস্থিতিতে নিজ এলাকার ১০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া শ্রীশ্রী কাশীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি ডা. বিপ্লব কান্তি বিশ্বাস (জয়)। তিনি মোল্লাহাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

কাশীকৃষ্ণ সেবাসংঘে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল,  ১ কেজি লবণ এবং একটি করে সাবান দেন তিনি। 

নিত্যপ্রয়োজনীয় এসব উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। প্রভাষক কৌশিক ব্রত বিশ্বাস, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক কিশোর কুমার বালা, প্রভাষক বিদ্যুৎ কুমার বিশ্বাস, সেবা সংঘের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস, সমাজসেবক নির্মল চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য জগদীশ চন্দ্র বোস-সহ আরও অনেকে।

বিপ্লব কান্তি বিশ্বাস সাংবাদিকদের বলেন ‘বর্তমান সময়ে সবাই কর্মহীন অবস্থায় গৃহবন্দী রয়েছে। অনেকের আয়ের উৎস বন্ধ থাকায় সংসারের ব্যয়ভার বহন করতে পারছেন না। অনেকে মানবেতর জীবনযাপন করছেন। মানবিক কারণে আমি নিজ অর্থায়নে বোয়ালিয়া পূর্বপাড়া, বোয়ালিয়া পশ্চিমপাড়া, খলিশাখালী, শান্তিপুর ও পরানপুর গ্রামের বিভিন্ন স্তরের অভাবীদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছি। প্রয়োজনে বিভিন্ন ধাপে আরও দেয়ার চেষ্টা করব।’

স্থানীয়রা জানান, বিপ্লব কান্তি বিশ্বাস নিজ এলাকায় রীতিমতো ‘দয়াবান ব্যক্তি’ হিসেবে পরিচিত। গ্রামবাসীর যেকোনো সমস্যায় পাশে দাঁড়ান। স্থানীয় ২০ থেকে ৩০ জন যুবকের কর্মসংস্থানের ব্যবস্থাসহ গরীব পরিবারের ছেলে-মেয়েদের বিয়ে কিংবা লেখাপড়ার জন্য প্রায়ই আর্থিক সাহায্য দিয়ে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত