করোনায় শিল্পীদের পাশে দেখা যাচ্ছে না শাকিব খানকে

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৫:০৯ পিএম

করোনা দুর্যোগের আগে থেকেই বাংলাদেশের সিনেমার অবস্থা শোচনীয় পর্যায়ে ছিল। করোনার কারণে অবস্থা আরও বেগতিক হয়েছে। এদিকে শুটিংসহ সবকিছু বন্ধ থাকায় দৈনিক মজুরিতে কাজ করা কলাকুশলীরা পড়েছেন বিপাকে। চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে করোনা দুর্যোগের শুরু থেকেই সহায়তা কর্মসূচি পরিচালনা করেছে। অনন্ত জলিল, ডিপজল, মিশা সওদাগর, নিপুণসহ অনেক তারকাই এগিয়ে এসেছেন চলচ্চিত্রকর্মীদের বিপদে।

এদিকে করোনার মতো দুর্যোগেও সাধারণ শিল্পীদের পাশে দেখা যায়নি শিল্পী সমিতির সাবেক সভাপতি ও শীর্ষ নায়ক শাকিব খানকে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিনয়শিল্পী দেশ রূপান্তরকে বলেন, ‘বাংলাদেশের সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শাকিব খান। অথচ আমাদের দুর্দিনে শাকিব খানকে আমরা পাশে পাচ্ছি না। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে?’

খোঁজ নিয়ে জানা যায়, করোনায় অসহায়দের পাশে দাঁড়াতে দেখা যায়নি শাকিব খানকে। এ বিষয়ে জানতে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ বিষয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘শাকিব খান শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য। তিনি সাবেক সভাপতিও। তিনি অসহায়দের পাশে দাঁড়াবেন কিনা সেটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয়। সে বিষয়ে আমি কিছু বলব না। তবে করোনার এই সময়ে এখন পর্যন্ত শিল্পী সমিতির তহবিলে তিনি কোনো অনুদান দেননি। তিনি যদি স্বেচ্ছায় শিল্পী সমিতির মাধ্যমে শিল্পীদের সহায়তা করতে চান তাহলে ওনাকে আমরা সাধুবাদ জানাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত