মুন্সীগঞ্জে মসজিদে মসজিদে শত মুসিল্লর সমাগম

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৭:৪২ পিএম

করোনার হটস্পট নারায়নগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ শহর ও শহরতলীর মসজিদে মসজিদে তারাবিহ নামাজে মুসল্লিদের সমাগম ঘটছেই। তারাবিহ নামাজে ১২ জন মুসল্লির উপস্থিত থাকার সরকারি নির্দেশিকা উপেক্ষিত হচ্ছে প্রায় মসজিদেই। এতে করোনা ঝুঁকি বাড়ছে বলে মনে করেন অনেকেই।

সরেজমিনে ঘুরে মুন্সীগঞ্জ শহর কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তর ইসলামপুর পূর্বপাড়া দারুস সালাম জামে মসজিদ, মানিকপুর জামে মসজিদ, শহরতলীর নয়াগাঁও জামে মসজিদ ও চরকিশোরগঞ্জ জামে মসজিদে মুসল্লি সমাগমের চিত্র পাওয়া গেছে। দেখা গেছে, এ সব মসজিদের ভেতর শত মুসল্লি একসঙ্গে তারাবিহ নামাজ আদায় করছেন। 

এ বিষয়ে শহর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. শহীদুল্লাহ দেশ রূপান্তরকে জানান, শতাধিক মুসল্লি তারাবিহ নামাজ আদায়ে এ মসজিদে সমাগম হচ্ছে। তাদের নিষেধ করা হলেও তা মানছে না। মসজিদে আসতে বারণ করলে মুসল্লিদের কেউ কেউ চটে যাচ্ছেন। কেউ তর্ক-বিতর্কে জড়াচ্ছেন।

উত্তর ইসলামপুর পূর্বপাড়া দারুস সালাম জামে মসজিদের ঈমাম মাওলানা শফিকুল ইসলাম বলেন, আজানের আগে মসজিদের মাইকে মুসল্লিদের বাড়িতে তারাবিহ নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হচ্ছে। তবু মুসল্লিরা মসজিদেই তারাবিহ আদায় করতে ছুটে আসছেন। তবে মসজিদে নামাজ আদায়ের পূর্ব অভ্যাস থেকে তারাবিহতে অসংখ্য মুসল্লি মসজিদেই ছুটে আসেন বলে মন্তব্য করেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত