মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রাতে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কক্ষ লক্ষ্য করে রবিবার রাতে এ গুলির ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যার দিকে সদর থানার ওসি মো. আনিচুর রহমান গুলির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার রাত ৮টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কক্ষ লক্ষ্য করে কে বা কারা গুলি ছুড়ে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা দুই রাউন্ড গুলি ছুড়েছে। এতে জানালার কাচ ভেঙে গেছে।
তিনি আরো জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় সেখান থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়।
সম্প্রতি জনস্বাস্থ্য অধিদপ্তরে টেন্ডার দাখিল হয়। এতে অনেক ঠিকাদার কাজ পাননি। প্রধান প্রকৌশলীকে ভয় দেখাতেই রাতের আঁধারে দুষ্কৃতকারীরা ওই গুলির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী মো. সাইফুল ইসলাম বলেন, তিন তলা ভবনের তৃতীয় তলার নিজ কক্ষে কাজ করছিলাম। হঠাৎ পরপর দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। এ ঘটনায় বেশ ভীত-সন্ত্রস্ত অবস্থায় রয়েছি। সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এখন পুলিশ ব্যবস্থা নেবে বলে আশা করছি।
