পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকায় পঞ্চগড় প্রি-ক্যাডেট স্কুলে প্রতিদিন রাতে খিচুড়ি রান্না হয় অভুক্ত মানুষ ও প্রাণীদের জন্য। জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ স্থানীয় কয়েকজন মানুষের সহযোগিতায় এপ্রিলের শুরু থেকেই স্থানীয় অতিদরিদ্র কয়েক শ মানুষ, মেসে থাকা দরিদ্র শিক্ষার্থী, মানসিক ভারসাম্যহীনদের খিচুড়ি বিতরণ করা হচ্ছে। স্থানীয় কয়েকজন যুবক খিঁচুড়ি রান্না ও বিতরণের কাজ করে যাচ্ছেন। খিচুড়ির সঙ্গে মুরগির মাংস ও ডিম দেওয়া হচ্ছে।
রাত ৯টা হলেই ওই স্কুলচত্বরে অসহায় এসব মানুষের ভিড় বাড়ে। মানুষের মাঝে খিচুড়ি বিতরণের পর জেলা শহরের কয়েকটি স্থানে অপেক্ষায় থাকা অভুক্ত অর্ধশত কুকুরকে খিচুড়ি দেওয়া হয়। কুকুরগুলোও সময়মতোই ওই স্থানে হাজির হয়। রুটিনমাফিক প্রতিদিন চলছে তাদের এই কার্যক্রম।
পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, এলাকার মানুষকে নিয়ে আমরা প্রতিদিন রাতে খিচুড়ি রান্না করে তাদের মাঝে বিতরণ করছি। এ ছাড়া অসংখ্য কুকুর খাদ্যসংকটে পড়েছে। খাবার না থাকায় তারা ক্রমে হিংস্র হয়ে উঠছিল।
এদিকে তেঁতুলিয়া উপজেলার ১০-১২ জন তরুণ টিম-১৯ নাম দিয়ে করোনা পরিস্থিতিতে উপজেলার অসহায় মানসিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়িয়েছেন। টিম-১৯-এর আহ্বায়ক সাব্বির হোসেন রকি বলেন, করোনা পরিস্থিতিতে আমরা লক্ষ করলাম এই শ্রেণির মানুষেরা খাবার সংকটে অসহায় হয়ে পড়েছে। তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। তাই আমরা টিম-১৯ গড়ে তুলি।
