রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা চালকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামিউল ইসলাম নামে ওই পুলিশ সদস্য সহকারী টাউন উপ-পরিদর্শক বা এটিএসআই হিসেবে কর্মরত। এ ছাড়া ওই এটিএসআইর কার্যক্রমকে মনিটর করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপি ট্রাফিক পূর্ব বিভাগের এডিসি তারেক আহমেদ জানান, যাত্রাবাড়ীতে ঘুষগ্রহণের অভিযোগে এটিএসআই সামিউলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার তদন্তে এডিসি ওয়ারী, এসি ডেমরা ও পরিদর্শক ডেমরাকে দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
