পাটকল শ্রমিকদের মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৬:১৮ এএম

পাটকল শ্রমিকদের মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পরিচালিত পাটকলগুলোর শ্রমিকদের মার্চ-এপ্রিল ৮ সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের জন্য গতকাল সোমবার এ অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ হিসেবে ১১৬ কোটি টাকা দেওয়া হয়েছে। এটাকে ‘পরিচালন ঋণ’ বা ‘অপারেশন লোন’ হিসেবে বরাদ্দ প্রদান করা হয়েছে। বিজেএমসিকে শ্রমিকদের নিজস্ব ব্যাংক হিসাবে এই টাকা পরিশোধ করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের ২৬ এপ্রিল স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষাণ¥াসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এজন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণচুক্তি সম্পাদন করতে হবে। চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ কেবল শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করতে হবে। বিধিবহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত