জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১২:২৮ পিএম

খ্যাতিমান প্রকৌশলী, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে পদকপ্রাপ্ত প্রতিভাবান এ শিক্ষাবিদের মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন স্বনামধন্য প্রকৌশলী হিসেবে তিনি দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বঙ্গবন্ধু সেতু, পদ্মা বহুমুখী সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পে বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্বদানকারী এই গুণী ব্যক্তিত্বের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার মধ্যরাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান ড. জামিলুর রেজা চৌধুরী। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

জামিলুর রেজার জন্ম ১৯৪২ সালের ১৫ নভেম্বর, সিলেটে। তিনি পড়াশোনা করেছেন সেন্ট গ্রেগরিজ স্কুল ও ঢাকা কলেজে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি ভর্তি হন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)। ১৯৬৩ সালে প্রথম বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। ১৯৬৩ সালের নভেম্বর মাসে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন পুরকৌশল বিভাগে। পরে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে। ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক জামিলুর রেজা ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক সম্মাননা লাভ করেন।

২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ প্রদান করে। সবশেষ তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ব্যক্তিগত জীবনে অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী দুই সন্তানের জনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত