লকডাউনের জেরে একমাস ধরে দুই বলিউড তারকার দেখা হয় না। ৩ মে লকডাউন শেষ হওয়ার ইঙ্গিত থাকলেও বান্ধবী রিচা চাড্ডাকে দেখার জন্য ‘পাগল’ হয়ে গেলেন আলি ফজল।
জি নিউজ জানায়, এই দূরত্ব আর ভালো লাগছে না হলিউডের একাধিক সিনেমায় দেখানো এই অভিনেতার। রিচার জন্য মন কেমন যেন করছে! সেই কারণেই মুম্বাই পুলিশের কাছে বিশেষ অনুমতি চাইতে পারেন বলে খবর।
পুলিশ যদি অনুমতি দেয়, তাহলে রিচার সঙ্গে তিনি দেখা করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন অভিনেতা।
তবে লকডাউনের মাঝে পুলিশ বিশেষ অনুমতি দেবে কি-না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
সম্প্রতি ব্যাটম্যানের মুখোশ পরে গাড়ি নিয়ে বের হন আলি ফজল। মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিতে তার এই বিশেষ প্রচেষ্টা। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
চলতি বছরই বিয়ে করবেন বলে স্থির করেন বলিউডের এই সেলিব্রিটি জুটি। গোয়ায় বসতে পারে তাদের বিয়ের আসর। তবে আপাতত করোনার কারণে পরিকল্পনা স্থগিত রয়েছে।
