ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) করোনা ডিটেকটেড হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য এন-৯৫ মাস্ক দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার দুপুরে শহরের বদরপুরের বাসভবন আফসানা মঞ্জিলে উপস্থিত চিকিৎসক প্রতিনিধিদের হাতে দুটি বান্ডিলে ১১০টি মাস্ক তুলে দেন তিনি।
এ সময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকরা নিজেদের সুরক্ষার বিষয়টি নিয়ে শঙ্কিত ছিলেন। চিকিৎসকেরাই যদি শঙ্কিত থাকেন তাহলে সাধারণ রোগীরা আরো আতঙ্কিত হয়ে পড়েন।
চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজ উদ্যোগে তাদের জন্য এসব মাস্ক এনে সরবরাহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফরিদপুরে এখন চিকিৎসকদের আগের সেই সঙ্কট কেটে গেছে আশা করি। করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকরী মাস্ক খুবই জরুরি চিকিৎসকদের জন্য।
এ সময় ফমেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, ফমেকের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম, বিএমএ ফরিদপুরের সভাপতি ডা. জাহাঙ্গির হোসেন টিটো চৌধুরী, জেলা যুবলীগের আহ্বায়ক এইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ফমেক হাসপাতালের করোনা ডিটেকটেড হাসপাতালে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫ জন করোনা আক্রান্ত ছাড়াও উপসর্গ নিয়ে সন্দেহভাজন আরো ৪ জন রোগী ভর্তি রয়েছেন। এখানে কর্মরত চিকিৎসক ও নার্সরা নিজেদের সুরক্ষার জন্য কার্যকরী পিপিই ও মাস্ক সরবরাহের দাবি জানিয়ে আসছিলেন বিশেষ এই ইউনিটটি চালুর পর থেকেই।
