মুন্সীগঞ্জ ফেরত ২ জন করোনায় আক্রান্ত, ৫০টি বাড়ি লকডাউন

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৬:৪৩ পিএম

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন শিবচরের  কাঁঠালবাড়ি এলাকায় (৫৫) বছর বয়সের এক নারী এবং অপরজন রাজৈর উপজেলার বাজিতপুর এলাকার (২২) বছর বয়সের এক যুবক।

করোনা শনাক্তের ঘটনায় মঙ্গলবার দুপুরে শিবচরের ৫০ টি বাড়ি বিশেষায়িত লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। আক্রান্ত রোগীদের আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত পরিবারের মাঝে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে খাবার সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। 

জানা যায়, মুন্সীগঞ্জ থেকে ওই বৃদ্ধা জ্বর ঠান্ডা কাশি নিয়ে সম্প্রতি শিবচরের কাঁঠালবাড়ি ছেলের বাড়িতে আসেন। জ্বর ঠান্ডা কাশি নিয়ে বাইরের জেলা থেকে আসায় স্থানীয় স্বাস্থ্য কর্মী ও জনপ্রতিনিধিরা তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা ঢাকায় পাঠান।  সোমবার রাতে তার করোনা পজিটিভ ধরা পড়লে মঙ্গলবার দুপুরে পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষসহ প্রশাসনের কর্মকর্তারা মঙ্গলবার ওই বাড়িতে গিয়ে এলাকার ৫০টি বাড়ি বিশেষায়িত লকডাউন ঘোষণা করেন।

এছাড়াও জেলার রাজৈর উপজেলার বাজিতপুরে আরো একজন করোনা পজিটিভ এসেছে । তাকেও আইসোলেশনে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাদারীপুর জেলায় ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে শিবচরে মোট আক্রান্তর সংখ্যা ১৯ জন, রাজৈর ৬ জন, সদরে ৬ জন ও কালকিনি উপজেলায় ১ জন। ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও বাকিরা  আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  ২ জন মারা গেছেন। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, ওই এলাকার রাস্তাসহ ৫০টি ঘরবাড়ি বিশেষায়িত লকডাউন ঘোষণা করে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সকল বাড়িতে চীফ হুইপ স্যারের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে। যারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন তাদের সবার খাবার ব্যবস্থা করা হবে। কেউ বাইরে যেতে পারবে না।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত