মেসি-রোনালদো নয়, মরিনহোর সর্বকালের সেরা যিনি

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১১:৫১ পিএম

টটেনহ্যাম হটস্পার কোচ হোসে মরিনহো নিজের সর্বকালের সেরা ফুটবলারের নাম জানিয়েছেন। তবে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দুজনের কেউই মরিনহোর চোখে সেরা নন।

নিজের পছন্দের খেলোয়াড়দের কথা বলতে গিয়ে পেলে, ডেভিড বেকহ্যাম, রোনালদিনহো, ওয়েন রুনিসহ বেশ কিছু খেলোয়াড়ের নাম বলেছেন মরিনহো। তবে তাকে একজনের মতো কেউ মুগ্ধ করতে পারেননি। তিনি ব্রাজিল কিংবদন্তি রোনালদো।

সর্বশেষ দশকে ফুটবল বিশ্বকে মুগ্ধতায় আচ্ছন্ন করে রেখেছেন মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। শেষ ১২ ব্যালন ডি’অরের ১১টিই ভাগাভাগি করেছেন দুজন। তবে মরিনহোর চোখে ব্রাজিলের রোনালদো হচ্ছে ‘ফেনোমেনন’।

মরিনহো বলেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি লম্বা সময় ধরে খেলে যাচ্ছে। তারা ১৫ বছর ধরে নিজেদের শীর্ষে রেখেছে। তবে আমরা যদি প্রতিভা এবং দক্ষতা সম্পর্কে কঠোরভাবে কথা বলি তবে রোনালদোকে (ব্রাজিল তারকা) কেউ ছাড়িয়ে যেতে পারবে না।’

দুই বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জিতেছেন। কোপা আমেরিকার শিরোপা জিতেছেন দুইবার। ১৯৯৪ অলিম্পিকে জিতেছেন ব্রোঞ্জ পদক। রিয়াল মাদ্রিদ ও ইন্তার মিলানের হয়ে ক্লাব প্রতিযোগিতাতেও জিতেছেন অসংখ্য শিরোপা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত