আজ পবিত্র রমজানের পঞ্চম দিন। ইসলামি ইতিহাসে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা পাঠকের জন্য তুলে ধরা হলো।
এক. ১১৩ হিজরির এ দিনে (৭৩১ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর) বিখ্যাত সেনাপতি আবদুর রহমান আদ-দাখিল দামেস্কে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আন্দালুসে (স্পেন) উমাইয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও বিখ্যাত কর্ডোভা জামে মসজিদের নির্মাতা।
দুই. ৩৬২ হিজরিতে মুইজ লিদিনিল্লাহ ফাতেমি তিউনিসিয়া থেকে মিসরের কায়রোতে আসেন। তিনি ফুসতাত থেকে মিসরের রাজধানী কায়রোতে স্থানান্তর করেন।
তিন. ১৩৩৬ হিজরিতে উসমানি সেনাবাহিনী প্রথম যুদ্ধের সময় ইরানের তিবরিজ নগর দখল করে।
চার. ১৩৪২ হিজরির এই দিনে (১৯২৩ সালের ২৩ এপ্রিল) সাম্রাজ্যবাদী ইতালীয় সেনাবাহিনীর সঙ্গে ‘লায়ন অব ডেজার্ট’খ্যাত সেনাপতি উমর আল-মুখতারের নেতৃত্বে ঐতিহাসিক ‘বিরে গাবি’র যুদ্ধ সংঘটিত হয়।
পাঁচ. ১৩৬৭ হিজরিতে (১৯৪৮ সালের ১১ জুলাই) ফিলিস্তিনের লদ নগরে মশি দায়ানের (Moshe Dazan) নেতৃত্বে ইহুদি কমান্ডো ইউনিট হত্যাযজ্ঞ চালায়। বৃষ্টির মতো বোমাবর্ষণে প্রায় পাঁচশত লোক নিহত হয়। গ্রেপ্তার করা হয় যুবকদের। নগর থেকে বের করে দেওয়া হয় অন্য অধিবাসীদের।
