বরগুনায় করোনা ভাইরাস আক্রান্ত চারজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে একজন ৭০ বছর বয়সী রোগীসহ ষাটোর্ধ্ব রোগী ছিলেন দুজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯জন।
বুধবার দুপুরে হাসপাতাল থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তাদেরকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
বরগুনা সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া ১১ জনের মধ্যে ১৬ দিনের ব্যবধানে নয়জনই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিন-তিনবার ফলোআপ টেস্টে নেগেটিভ আসার পরেই তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি দুজন করোনা রোগীও সুস্থ হওয়ার পথে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বরগুনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এম কে আজাদ (এফসিপিএস) বলেন, এখানে এখন অবধি করোনায় কোনো মৃত্যুর ঘটনা নেই। জেলার দুটি উপজেলায় যে দুজনের মৃত্যু হয়েছে তাদের কেউই সদর হাসপাতালের চিকিৎসা নেননি। তারা চিকিৎসা নিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে।
