এন-৯৫ মাস্কের মান নিয়ে প্রশ্ন করা সেই চিকিৎসককে ওএসডি

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০২:৩৯ এএম

দেশের করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের ব্যবহারের জন্য সম্প্রতি সরবরাহ করা এন-৯৫ মাস্কের মান নিয়ে প্রশ্ন করা সেই চিকিৎসককে ওএসডি করা হয়েছে। 

সূত্র জানায়, রাজধানীর ৫০০ শয্য বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক শহিদ মো. সাদিকুল ইসলামকে বুধবার ওএসডি করে আদেশ জারি করা হয়। এ সংক্রান্ত চিঠি সাদিকুল হাতে পেয়েছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সম্প্রতি কোভিড-১৯ চিকিৎসার জন্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেওয়া মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই চিকিৎসক। তিনি এ বিষয়ে মতামত চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠিও দিয়েছিলেন।

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ সুরক্ষাসামগ্রী দিচ্ছে সরকার। এর মধ্যে মাস্কও আছে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে 'এন–৯৫' মাস্কের নামে যেসব মাস্ক দেওয়া হয়েছে, সেগুলোর মান নিয়ে প্রশ্ন তুলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দেখা যায় এন-৯৫ মাস্ক লেখা মোড়কে দেওয়া হয়েছিল মুন্সিগঞ্জে তৈরি করা মাস্ক। এটা নিয়ে পরে খুব সমালোচনা হয়। 

প্রসঙ্গত, এই এন-৯৫ মাস্কের বিষয়ে তথ্য জানতে মুগদা হাসপাতালের পরিচালক গত ১ এপ্রিল শহিদ মো. সাদিকুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি চিঠি দিয়েছেন। তাতে হাসপাতালের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ৩০ মার্চ কেন্দ্রীয় ঔষধাগার অন্যান্য মালামালের সঙ্গে ৩০০টি এন–৯৫ মাস্ক সরবরাহ করেছে বলা হয়। মুন্সিগঞ্জের গজারিয়ার একটি প্রতিষ্ঠান এই মাস্কের প্রস্তুতকারী। এই মাস্কগুলো প্রকৃতপক্ষে 'এন–৯৫' কি না, সে বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী টেলিফোনে হাসপাতালের পরিচালকের কাছে জানতে চেয়েছেন। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় মতামত দেওয়ার অনুরোধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত