করোনাভাইরাসের এ মহাদুর্যোগকালে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা সরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল বুধবার মহানগর বিএনপির উদ্যোগে মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গতকাল দুপুরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রথম দফায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা ও বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এ সময় মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে সারা দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারি সাধারণ ছুটির কারণে দেশের প্রতিটি সেক্টরের মানুষ আজ দিশেহারা। তাদের খাদ্য ঘাটতি, আর্থিক সংকট সবকিছুর সমীকরণ উল্টো হয়ে যাচ্ছে। যেসব মুক্তিযোদ্ধা দেশমাতৃকার টানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছিলেন তারাই আজ সবচেয়ে বেশি কষ্টে আছেন।
