ঘরে টিভি দেখার সময় বোমা বিস্ফোরণে ৩ স্কুলছাত্র আহত

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১১:১৪ এএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া বড়কান্দি গ্রামে টিভি দেখার সময় বোমা বিস্ফোরণে তিন স্কুলছাত্র আহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ওই গ্রামের মহসিন প্রধানের ঘরের ভেতর ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত অবস্থায় মো. হাসান মিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতাল এবং অপর আহত সাকিবুল ইসলাম ও মো. রাব্বি মিয়াকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সকলেই উপজেলার বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

গজারিয়া থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, চরবাউশিয়া বড়কান্দি গ্রামের মহসিন প্রধানের বসত-ঘরের ভেতর বসে তার ছেলে সাকিবুলসহ তিন স্কুলছাত্র টেলিভিশন দেখছিল। তারা মামাত-ফুপাত ভাই। টেলিভিশন দেখার একপর্যায়ে ঘরের ভেতর বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। এতে বোমার স্পিন্টারে ওই ৩ ছাত্রের শরীর ক্ষতবিক্ষত হয়।

রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার হাসান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ওসি আরও জানান, বোমা বসত-ঘরের ভেতর মজুদ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। টিভি দেখার সময় পাশের কক্ষ থেকে বালিশ আনতে গেলে ওই বোমার বিস্ফোরণ ঘটে। তবে স্কুল ছাত্রদের অবস্থা খারাপ থাকায় বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।

এ ব্যাপারে মো. মহসিন প্রধান জানান, রাতে তারাবি নামাজ আদায় করার পর ঘরের ভেতর তার ছেলেসহ মামাত-ফুপাত ৩ ভাইকে টিভি দেখা অবস্থায় দেখতে পান। তার কিছুক্ষণ পর আকস্মিক ঘরের ভেতর বোমা বিস্ফোরণে বিকট শব্দে তিনি ছুটে এসে দেখেন তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এর বেশি কিছু বলতে পারেন না তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত