ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৭:১৩ পিএম

মাত্র এক দিনের ব্যবধানে বলিউডে দুই নক্ষত্রের পতন। বুধবার ইরফান খান না ফেরার দেশে পাড়ি জমান। সেই শোক না কাটতেই বৃহস্পতিবার চলে গেলেন ঋষি কাপুর। সব মিলে বলিউডে রীতিমতো শোকের ছায়া। শুধু বলিউড নয়, এই শোক ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনকেও।

ইরফানের মৃত্যুতে শোক জানিয়েছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি থেকে শুরু করে সুনীল ছেত্রীরা। ঋষি কাপুরের মৃত্যুতেও শোক প্রকাশ করেছেন তারা।

ভারতীয় ক্রীড়াঙ্গনের বাইরেও পাকিস্তানের শোয়েব আখতার, শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার মতো তারকাও ঋষি কাপুরের মৃত্যুতে শোক জানিয়েছেন।

ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী টুইটারে এক ফ্রেমে ইরফান খান ও ঋষি কাপুরের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এক জীবন… সার্থক এবং সুখী জীবন। অন্য কোনো কিছুই নয়, কেবল এগুলোই থেকে যাবে। দুজনকেই খুব মিস করব।’

ব্যাটিং কিংবদন্তি শচীন লিখেছেন, ‘ঋষি জি’র মৃত্যুর খবর শোনে খুবই মর্মাহত। আমি তার ছবি দেখে বেড়ে উঠেছি। বছরের পর বছর তাকে দুর্দান্ত মানুষ হিসেবে দেখেছি। তার আত্মার শান্তি কামনা করছি।’ কাপুর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন ‘লিটল মাস্টার’।

ভারতের আরেক সাবেক অধিনায়ক আজহারউদ্দিন লিখেছেন, ‘হতবাক এবং হৃদয়গ্রাহী, ঋষিকাপুর স্যার আজ মারা গেছেন। অসামান্য একজন অভিনেতা এবং অসাধারণ ব্যক্তি। নীতু ম্যাম এবং পুরো পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য সমবেদনা।’

এদিকে পরপর দুই দিন দুই তারকার চলে যাওয়া কিছুতেই বিশ্বাস করতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইট বার্তায় লিখেছেন, ‘ব্যাপারটা অবাস্তব, অবিশ্বাস্য। গতকাল ইরফান খান আর আজ ঋষি কাপুর। এটা মেনে নেওয়া কঠিন, এমন এক কিংবদন্তি আজ চলে গেলেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা, তার আত্মা শান্তি পাক।’

সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলেকে ছোট বেলার নায়কের মৃত্যুতে লিখেছেন, ‌‘আমার ছোটবেলার নায়ক ঋষি কাপুর… চলে গেলেন… তার পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা।’

টুইট করে শোক প্রকাশ করেছেন রীবেন্দ্রর শেওয়াগ, ভিভিএস লক্ষ্মণ, রবিচন্দ্রন অশ্বিন, শেখর ধাওয়ানরাও।

পাকিস্তানি তারকা শোয়েব আখতার লিখেছেন, ‘ঋষি কাপুর’জির চলে যাওয়ার খবর শোনে খুবই মর্মাহত। তার যাথে আমাদের একটি যুগ নিয়ে গেছেন, নিজের রঙে রাঙিয়েছেন।’

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া লিখেছেন, ‘সকালে চিরসবুজ ভারতীয় তারকা ঋষি কাপুরের মৃত্যুর খবর গভীরভাবে ছুঁয়ে গেছে। মাঝে মধ্যে তার সাথে আমার দুর্দান্ত আড্ডা দেওয়া হয়েছে। যা খুব মনে পড়ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত