অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর কি না জানা যাবে জুনে

আপডেট : ০১ মে ২০২০, ০২:২০ পিএম

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি যে চাডক্স১ এনকভ-১৯ ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল দিয়েছে, তার ভবিষ্যৎ জানা যাবে সামনের মাসেই। ভ্যাকসিনটি তৈরির সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বিবিসি রেডিও ৪-কে এ কথা জানিয়েছেন।

ভ্যাকসিনটি কার্যকর হলে কীভাবে বৃহৎ পরিসরে বাজারে আনা যাবে, সে বিষয়ে এখনই কাজ শুরু করেছে অক্সফোর্ড। চুক্তি করা হয়েছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে।

ভ্যাকসিনটি তৈরি হয়েছে অক্সফোর্ডের জেনার ইন্সটিটিউট থেকে। গত ২৩ এপ্রিল বাংলাদেশ সময় দিবাগত মধ্যরাতে এর হিউম্যান ট্রায়াল হয়।

অক্সফোর্ডের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর স্যার জন বেল ভ্যাকসিনটির অগ্রগতি সম্পর্কে বলেন, ‘জুনের মাঝামাঝি সময়ে চাডক্স১ এনকভ১৯ ভ্যাকসিনের কাযকরিতা সম্পর্কে আমরা ধারণা পাব।’

‘অনুমতি পাওয়ার পর এর উৎপাদনে যাওয়াই চ্যালেঞ্জ হবে।’

যুক্তরাজ্যের পাশাপাশি পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতেও যথা সময়ে ভ্যাকসিন পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি।

অক্সফোর্ড থেকে আগেই বলা হয়, হিউম্যান ট্রায়ালের সব ডেটা বিশ্লেষণ করতে আনুমানিক ৬ মাস সময় লাগবে। সেই হিসেবে সেপ্টেম্বর ধরা হয়েছে।

নতুন ভ্যাকসিন অধিকাংশ সময় প্রত্যাশা অনুযায়ী ফল দেয় না। এক্ষেত্রে সেটি হলে পুরো প্রক্রিয়া নতুন করে সাজানো হতে পারে। ডোজের মাত্রা পাল্টানো হতে পারে। অথবা প্রোগ্রামটি বন্ধ করা হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের অধীনে ৮০টির মতো প্রতিষ্ঠান ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। এর মধ্যে যুক্তরাজ্যসহ চীন, আমেরিকা এবং জার্মানি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত