ময়মনসিংহে নগরের তিনকোণা পুকুরপাড় এলাকায় একটি মেসে ঢুকে এক বিশ্ববিদ্যালয়ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরে হত্যাকাণ্ডটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত তৌহিদুল ইসলাম খান (২৪) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা জেলায় আটপাড়া থানার রামেশ্বরপুর এলাকায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন জানান, তিনকোণা পুকুরপাড় এলাকার একটি মেসে ঢুকে ওই ছাত্রকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে মেসটির মালিক টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
মেস মালিক মো. সোলায়মান বলেন, ভোররাতে সাহরির সময় দোতলা বাসার ছাদ দিয়ে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। তারা যখন তৌহিদুলকে মারছে তখন আমি বের হতে যাই কিন্তু আমার রুমের দরজা লক কইরা দিসে। পরে পাশের রুম থেকে আমার ছোট ছেলে আরিফুল ইসলাম দরজা খুলে দিসে। দৌড়ে নিচে গিয়ে সিঁড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সাথে সাথেই আমি বাসার সামনে থাকা ভ্যান নিয়ে হাসপাতালে যাই। ডাক্তার এর সেবা পাই নাই পাইলে হয়তো বাঁচাতে পারতাম। ডাক্তার নামাজে গেসিলো। আইসা পরে সিলাই করছে। পরে ডাক্তার আমাদের বলে মারা গেছে।
নিহতের বাবা সাঈফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যার অভিযোগ করেছেন যার মামলা প্রক্রিয়াধীন।
বিশ্ববিদ্যালয়য়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। সেই সাথে এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় থাকবে বলে জানান তিনি।
