ঝালকাঠিতে করোনাভাইরাসের এই সময়ে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিত অসহায় মানুষ। শুক্রবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌর এলাকার খেটে খাওয়া সুবিধা বঞ্চিত মানুষ এ বিক্ষোভ করেন।
বিক্ষোভে সুবিধা বঞ্চিতরা দাবি করেন, এই করোনা মহামারি পরিস্থিতি শুরু হবার পর থেকে তারা এখন পর্যন্ত সরকারি বেসরকারি কোন খাদ্য সহায়তা পাননি।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ঝালকাঠি শহরের পৌর কাউন্সিলররা সুষমভাবে ত্রাণ বিতরণ করছেন না। তারা আত্মীয় স্বজন,পছন্দের লোক এবং কর্মী সমর্থকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।
এদিকে ত্রাণ বঞ্চিত নারী-পুরষের এ বিক্ষোভে স্থানীয় কয়েকজন কাউন্সিলর বাঁধা দেয় বলে অভিযোগ করেছে বিক্ষোভকরীরা। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ বলেন, আমরা পৌরসভা থেকে প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত ত্রাণ দিয়েছি। বিশেষ করে আমার ২ নং ওয়ার্ডে প্রতিটি ঘরে গিয়ে আমি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। সরকারি সাহায্যের পাশাপাশি ব্যাক্তিগত ভাবেও অনেক সাহায্য আমি করেছি। এভাবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষ ত্রাণ পেয়েছে। এর পরেও একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আজ মাঠে নেমেছে।
