লকডাউনবিরোধী সশস্ত্র বিক্ষোভকারীরা খুবই ভালো: ট্রাম্প

আপডেট : ০২ মে ২০২০, ১০:৩৩ এএম

করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন উঠিয়ে নিতে মিশিগানে সশস্ত্র বিক্ষোভে অংশগ্রহণকারীদের সমর্থনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি, তারা ‘খুবই ভালো মানুষ’!

চলমান লকডাউন উঠিয়ে নিতে বৃহস্পতিবার মিশিগান ক্যাপিটাল বিল্ডিংয়ে ঢুকে বিক্ষোভ করে অনেকে। এ সময় অনেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট। গভর্নর গ্রেটচেন হোয়াইটমারকে লকডাউন তুলে নেওয়ার আহ্বান জানান তারা।

এসব বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, “মিশিগানের গভর্নরকে কিছুটা হলেও ছাড় দেওয়া উচিত। এই আগুন নেভানো উচিত।”

“তারা খুবই ভালো মানুষ। একটু বিক্ষুব্ধ আর কী। তারা আবার তাদের স্বাভাবিক জীবন ফিরে পেতে চায়, নিরাপদে থাকতে চায়! তাদের ব্যাপারটা ভাবুন, তাদের সঙ্গে কথা বলুন, একটা পথ বের করুন।”

ওই বিক্ষোভে বেশ কয়েকজন মিশিগানের নগর ভবন ল্যান্সিংয়ের লবিতে পর্যন্ত ঢুকে পড়েছিল। অনেকে মিশিগান হাউস অব রিপ্রেন্টেটিভের চেম্বারে পর্যন্ত ঢোকার চেষ্টা চালায়। কিন্তু পুলিশের আটকে দেয় তাদের।  বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকেন- “আমাদের প্রবেশ করতে দিন।”

অবশ্য এ সময় রাজ্যের সিনেট অধিবেশনে কমসংখ্যক সদস্যই উপস্থিত ছিলেন। বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান তারা।

মিশিগান ইউনাইটেড ফর লিবার্টি নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভকে ‘আমেরিকান দেশপ্রেমিক সমাবেশ’ বলছেন কেউ কেউ।

বিক্ষোভ নিয়ে ওই গ্রুপের ফেইসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, “কভিড-১৯ সহ কোনো কারণে আমাদের সহজাত অধিকার সীমিত বা খর্ব করা হোক আমরা তাতে একমত নই বা এমন কোনো সিদ্ধান্তে আমাদের সম্মতি নেই।”

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। মৃত্যু ৬৫ হাজার ছুঁই ছুঁই।

সংকট কমে আসার তেমন কোনো জোরালো আভাস না পাওয়া গেলেও লকডাউন উঠিয়ে নেওয়ার পক্ষে ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে তার সরকার।

মিশিগানের বিক্ষোভ যুক্তরাষ্ট্রে লকডাউন বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। এসব বিক্ষোভকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারী বলে জোর ধারণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত