শিল্পীর আঁকা স্কেচ দেখে শিশুর ধর্ষক গ্রেপ্তার

আপডেট : ০২ মে ২০২০, ০৩:০৭ পিএম

রাজধানীর কদমতলীতে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় টুটুল (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৫ এপ্রিল সন্ধ্যায় টুটুল মুরাদনগর এলাকায় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পরা এক যুবকের ছবি শিল্পীকে দিয়ে স্কেচ করিয়ে নেওয়া হয়।

ওই স্কেচ থেকেই ধর্ষককে শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশের শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম জানান,  গ্রেপ্তার টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসত।

গত ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়।

একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে এক যুবক মেয়েটিকে হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পরা ছিল বলে তাকে শনাক্ত করা যাচ্ছিল না।

শাহ আলম বলেন, পরে সাখওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেওয়া হয়। ওই স্কেচের একশ’ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টানানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করেন।

ঘটনাটি তদন্ত করে ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমদের নির্দেশনায়  শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম, কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান, এসআই আব্বাস ও এএসআই ওয়ালী উল্লাহর নেতৃত্বে একটি টিম ওই যুবককে শুক্রবার রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তার টুটুল ধর্ষণের কথা স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত