করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর উদ্যোগের অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের আটক করা শুরু করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। রাজধানীর কুয়ালালামপুরে কয়েক শ অবৈধ অভিবাসী ও শরণার্থীকে আটকের পর দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। গত শুক্রবার কুয়ালালামপুরের কেন্দ্রীয় এলাকা থেকে ৫৮৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে কর্তৃপক্ষের জানিয়েছে। মালয়েশীয় কর্তৃপক্ষের এ পদক্ষেপের কারণে সুরক্ষাহীন এসব লোকজন আত্মগোপনে যেতে বাধ্য হতে পারে আর তাতে তাদের চিকিৎসা নেওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ছোট শিশু ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর লোক রয়েছে বলে অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো জানিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বেরনামার প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, লকডাউনের মধ্যে অন্য এলাকাগুলোতে অবৈধ অভিবাসীদের ভ্রমণ ঠেকাতে এই অভিযান চালানো হচ্ছে।
অভিবাসীদের আটক না করতে এবং শিশু ও তাদের সেবাদানকারীদের ছেড়ে দিতে মালয়েশিয়ার প্রতি জাতিসংঘ আহ্বান জানিয়েছে। জনাকীর্ণ কারাগারগুলোতে ভাইরাস ছড়ানোর উচ্চ ঝুঁকি আছে বলে এক বিবৃতিতে সতর্ক করেছে বিশ্ব সংস্থাটি। মালয়েশিয়ার নিরাপত্তামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এসব সমালোচনা খণ্ডন করে বলেছেন, যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে পরীক্ষা করা হয়েছে এবং কারও কভিড-১৯ শনাক্ত হয়নি।
