টাঙ্গাইলের মির্জাপুরে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করে কমিউনিটি পর্যায়ে সাধারণ রোগীদের টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা প্রদান শুরু করেছে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ। করোনাভাইরাস পরিস্থিতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এই কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
গতকাল শনিবার সকাল থেকে লতিফপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা শুরু করা হয়। মেডিকেল ক্যাম্পের খবর পেয়ে সকাল থেকেই ইউপি চত্বরে বিভিন্ন গ্রামের শতাধিক নারী-পুরুষ-শিশু সমবেত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে।
স্বাস্থ্যসেবা নিতে আসা গোড়াকী গ্রামের চর্মরোগী আবদুস সামাদ বলেন, লকডাউনের কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও হাসপাতালে যেতে পারছিলাম না। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেক উপকার হলো।
লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে গ্রামের মানুষ হাসপাতালে যেতে পারছে না। এ সময় কুমুদিনী হসপাতালের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।
