ভোলার মনপুরা উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান আমানতউল্লাহ আলমগীর সাময়িক বরখাস্ত হওয়ার খবরে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন গ্রুপ উল্লাস করে মিছিল বের করলে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান আমানতউল্লাহ আলমগীর সাময়িক বরখাস্ত হন। শুক্রবার রাতে এমন খবরে সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন গ্রুপ মনপুরা ইউনিয়নের রাম নেওয়াজ এলাকায় উল্লাস প্রকাশকালে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হন। আলমগীর চেয়ারম্যানের দাবি, রাতে তার কর্মী ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আলাউদ্দিনের গ্রুপ। এর পরেই গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় তারা ৫ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্এণ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
