লকডাউনের ভেতর বড় ধরনের ক্ষতির শিকার হয়ে যুক্তরাষ্ট্রের চারটি শীর্ষস্থানীয় এয়ারলাইন কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছেন নামকরা মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট। অবরুদ্ধ পরিস্থিতিতে তিনি আশা করছেন, ‘আমেরিকান ম্যাজিকে’ মার্কিন অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।
বিনিয়োগের পেছনে নিজের ভুল স্বীকার করে শেয়ারহোল্ডারদের বার্ষিক সভায় শনিবার বাফেট বলেন, ‘দেখা যাচ্ছে আমি ভুল ছিলাম’
‘আমরা বিমানশিল্পের ব্যবসায়ের নিরিখে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা মূলত যথেষ্ট পরিমাণে লোকসানের পরও এই ব্যবসা থেকে অর্থ বের করেছিলাম। তবে আমরা এমন কোনো সংস্থাকে তহবিল দেব না... যেখানে আমরা বুঝতে পারছি যে এটি ভবিষ্যতে আমাদের অর্থ কেবল নষ্টই করবে।’
সদ্য বিক্রি করা শেয়ারগুলো বাফেটের সংস্থা বার্কশায়ার হ্যাথাওয়ের নামে ছিল।
বাফেটের এমন ঘোষণার কয়েক ঘণ্টা আগে রয়টার্স জানায়, প্রথম প্রান্তিকে তার প্রতিষ্ঠানের ৫০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
২০১৬ সাল থেকে চারটি এয়ারলাইনে বিনিয়োগ করা বাফেট এদিন তার ‘দীর্ঘতম’ বক্তৃতায় বলেন, ‘আমরা আর এমন কোম্পানিতে বিনিয়োগ করব না।’
জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনায় যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৫৮ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৭ হাজার ৬৭ জন।
এখন পর্যন্ত প্রতি ১০ লাখ মানুষের মধ্যে দেশটিতে আক্রান্ত ৩ হাজার ৫১৫ জন!
করোনায় দিশেহারা বিশ্বের প্রভাবশালী দেশ আমেরিকা এভাবে ধুঁকতে থাকলেও বাফেট হতাশ হতে নারাজ, ‘অতীতে আমরা আরও বড় বড় সমস্যার মুখোমুখি হয়েছি। আমরা এখন আগের থেকে অনেক ভালো দেশ।’
‘কঠিন সমস্যায় আমেরিকান মিরাকল, আমেরিকান ম্যাজিক সব সময় কাজ করেছে। আবার করবে।’
