ঠাকুরগাঁওয়ে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্র রাসেলকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী কয়েকজন যুবক। ঘটনার পর পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
রোববার বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের মধ্য ভোপলা গ্রামের হেলাল ইসলাম ওরফে নাপিত (২২), পশ্চিম ভোপলা গ্রামের নাঈম ইসলাম নাসির (১৯), সোহেল ইসলাম (২২), উত্তর বোচাপুকুর গ্রামের আল আমিন ইসলাম শাহিন (২০), বোচাপুকুর বিশুরদিঘী গ্রামের সামিউল ইসলাম (২৬) এবং বোচাপুকুর ডাক্তারপাড়া গ্রামের দুই কিশোর, তাদের বয়স ১৭ বছর।
পুলিশ সুপার মনিরুজ্জামান মনির বলেন, গ্রেপ্তাররা ওই ইউনিয়নের পশ্চিম ভোপলা গ্রামের এক কিশোরীকে প্রায় সময় উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করে ছোট ভাই ৮ম শ্রেণির ছাত্র রাসেল (১৫)। এতে ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তার কিশোর গ্যাং এর সদস্যরা ওই স্কুলছাত্রকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এসপি বলেন, বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে গত ২৪ এপ্রিল কিশোর গ্যাংয়ের সদস্যরা কৌশলে ওই স্কুলছাত্রকে বাড়ির পাশে ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে লাশ পাশের ধান ক্ষেতে ফেলে চলে যায়। পরদিন (২৫ এপ্রিল) খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই অজ্ঞাতনামাদের আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
৩০ এপ্রিল গ্রেপ্তার সাতজনের মধ্যে তিনজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালতে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
