ঝুঁকির মধ্যেও খুলল দেশীয় কাপড়ের বৃহত্তম বাজার

আপডেট : ০৪ মে ২০২০, ০৫:০৫ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট অচলাবস্থার মধ্যেও ঈদের আগে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হলো দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাট। ব্যবসা-বাণিজ্যের সংকট কাটিয়ে তুলতে ব্যবসায়ীদের দোকান খোলার জন্য গতকাল রবিবার গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বলা হয়েছে, শর্ত ভঙ্গ করলে বন্ধ করে দেওয়া হবে বাবুরহাট।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিলমান্দী ইউনিয়নে অবস্থিত বাবুরহাট। এই বাজারকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছে শত শত কাপড় ব্যবসায়ী ও হাজার হাজার শ্রমিক। ঈদের মৌসুমে প্রতিদিন এ হাটে প্রায় হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে। এ বাজার থেকে সারা দেশেই গামছা, লুঙ্গি, থান কাপড় যায়। রপ্তানিও করা হয়। করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনায় গত ৯ এপ্রিল থেকে জেলা লকডাউনের পর বাবুরহাট বন্ধ ছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে অর্থনীতি চালু রাখতে বাবুরহাট বাজার স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হোসেন শিশির বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাবুরহাট বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। ব্যবসায়ীরা রমজান মাসে ব্যবসার জন্য অপেক্ষা করে। এ সময় কাপড়ের চাহিদা থাকে বেশি। তাই প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাবুরহাট বাজার চালু করা হচ্ছে।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, অর্থনীতি সচল রাখতে বাস্তবতার নিরিখে স্বাস্থ্যবিধি মেনে ও শর্তসাপেক্ষে সীমিতভাবে বাবুরহাট চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনজনের বেশি ক্রেতা/বিক্রেতা কোনো দোকানে প্রবেশ করতে পারবে না। হাটকে মনিটরিংয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স সবসময় নিয়োজিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত