করোনা: মার্চের পর এই প্রথম নতুন আক্রান্ত নেই নিউজিল্যান্ডে

আপডেট : ০৪ মে ২০২০, ০২:৫৭ পিএম

নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে এলো নিউজিল্যান্ডে। মার্চের মাঝামাঝির পর এই প্রথম নতুন কেউ করোনায় আক্রান্ত হলো না দেশটিতে। 

বিবিসি জানায়, সোমবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর জেনারেল অ্যাশলে ব্লুমফিল্ড বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, এটিই প্রথম দিন, যেখানে আমরা নতুন কোনো আক্রান্ত ব্যক্তি পাইনি। আমাদের এটি সেভাবেই রাখতে চাই। 

অ্যাশলে আরও বলেন, করোনা মোকাবিলায় সবার চেষ্ট্রা প্রচেষ্টা, এটি তারই চিহ্ন।

প্রথম আক্রান্তের এক সপ্তাহ পরেই কঠোর লকডাউন ঘোষণা করে দেশটি। তারই ফল দ্রুত পেতে শুরু করে তারা। এর মধ্যে লকডাউন কিছুটা শিথিল করেও দেয়া হয়েছে।

এপ্রিলের শেষের দিকে দেশটিতে আক্রান্তের সংখ্যা এক অঙ্কে নেমে আসে। এতে নিউজিল্যান্ড করোনা যুদ্ধে জিতেছে বলে ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। এখনকার মতো 'করোনা যুদ্ধে' জিতে গেছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এরপর জরুরি সেবার বাইরে খাবারের দোকানসহ বেশ কিছু ব্যবসায়িক কর্মকাণ্ড সীমিত আকারে খুলে দেয়া হয়। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হন এক হাজার ৪৮৭ জন। এর মধ্যে মারা যান ২০ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ২৭৬ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত