সাভারে মুরগির খামারে লাগানো লোহার জালি বেড়ায় বিদ্যুতায়িত হওয়ায় এর স্পর্শে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপেরবাড়ী মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সাধাপুর গোপেরবাড়ী এলাকার জহিরুল ইসলামের ছেলে।
থানা পুলিশ জানায়, সকালে সাইফুল ইসলাম নিজের মুরগির ফার্মে কাজে যায়। এর আগে তার অজান্তেই ফার্মের চারপাশে লাগানো লোহার জালি বেড়া বিদ্যুতায়িত হয়েছিল। সকালে সাইফুল ফার্মের পর্দা উঠানোর সময় দুই হাত দিয়ে লোহার জালের বেড়াতে স্পর্শ করার সাথে সাথে তিনি বিদ্যুতায়িত হন।
একপর্যায়ে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি বেড়ার সাথে লাগানো বিদ্যুতের তার লিকেজ হয়ে পুরো ফার্মটি বিদ্যুতায়িত হয়েছিল। সকালে সাইফুল কাজে যাওয়ার পর পর্দা উঠানোর সময় বেড়ায় হাত দিলেই বিদ্যুতায়িত হয়ে মারা যায়। তবে নিজের ফার্মে এমন ঘটনা ঘটায় এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
