শ্রমিকদের ঘরে ফিরতে রেল ভাড়া দেবে কংগ্রেস, সোনিয়ার ঘোষণা

আপডেট : ০৪ মে ২০২০, ০৮:৪৫ পিএম

ভারতে ভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরার সুযোগ করে দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে দেশটির রেল কর্তৃপক্ষ। কিন্তু যাত্রীদের সেই ট্রেনে চাপতে হবে নিজের খরচেই। 

আনন্দবাজার পত্রিকা জানায়, রেল মন্ত্রণালয়ের এই নির্দেশকে ঘিরে বিতর্ক উঠলে শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শ্রমিকদের ঘরে ফেরাতে কংগ্রেস টাকা দেবে বলে ঘোষণা করেছেন তিনি। 

পাশাপাশি বিশেষ ট্রেনের যাত্রীদের থেকে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন সোনিয়া।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে আটকে পড়া ভারতীয়দের বিনা পয়সায় বিমানে চড়িয়ে দেশে আনার ক্ষেত্রে সরকার তার দায়িত্ববোধ খুঁজে পায়। গুজরাটে একটি প্রকাশ্য কর্মসূচিতে পরিবহণ ও খাবারের জন্য ১০০ কোটি টাকা খরচ করতে পারে সরকার। প্রধানমন্ত্রীর করোনা ফান্ডে ১৫১ কোটি টাকা দেওয়ার মতো উদারতা দেখাতে পারে রেল মন্ত্রণালয়।’ 

অথচ এমন চরম দুর্দশার সময়ে দেশের চালিকাশক্তির গুরুত্বপূর্ণ অংশ ওই শ্রমিকদের কেন ট্রেন ভাড়া দিতে হবে? সেই প্রশ্ন তুলেন সোনিয়া।

সোনিয়ার অভিযোগ, লকডাউনের জন্য চার ঘণ্টার নোটিস পর্যন্ত শ্রমিকদের দেওয়া হয়নি। তার জেরেই এমন একটা ভয়াবহ অবস্থার সাক্ষী হতে হচ্ছে গোটা দেশকে, যা স্বাধীনতার পর প্রথম বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, টাকা, খাবার, ওষুধ বা যানবাহন ছাড়াই বহু  শ্রমিক শত শত কিলোমিটার হাঁটতে বাধ্য হয়েছেন। বাড়ি ও প্রিয়জনের কাছে পৌঁছানোই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। সোনিয়া আরও অভিযোগ করেছেন, আজও দেশের বহু অংশে এখনও পর্যন্ত লাখ লাখ শ্রমিক দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। তার মতে, ওই সব শ্রমিকরা বাড়ি ফিরতে চান। কিন্তু তাদের কাছে অর্থ নেই। 

সোনিয়া মনে করছেন, এমন সঙ্কটের মুহূর্তে ওই সব শ্রমিকদের বাড়ি ফেরাতে কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রণালয়ের ভাড়া নেওয়ার সিদ্ধান্ত বিরক্তিকর। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের সাহায্য করা নিয়ে কংগ্রেস বারবার দাবি তুললেও তা এড়িয়ে গিয়েছে সরকার। 

এরপর তিনি ঘোষণা দেন, দরিদ্র শ্রমিকদের তাদের রেল ভাড়ার খরচ বহন করবে প্রদেশ কংগ্রেস কমিটি। এ জন্য প্রত্যেক রাজ্যের প্রদেশ কংগ্রেসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য নির্দেশও দিয়েছেন তিনি।

এদিকে সোনিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি এক বিবৃতিতে দাবি করেছে, শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ভাড়ার ৮৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে রেল। বাকি ১৫ শতাংশ খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে। সোনিয়ার বক্তব্যের সমালোচনাও করা হয় ওই বিবৃতিতে।

বিজেপি জানায়, ‘কংগ্রেস সভানেত্রী যা বলেছেন তাতে বাস্তবে খুব বেশি পরিবর্তন হবে না কারণ, রেল ইতিমধ্যেই ৮৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে। দলের বদলে তিনি যদি কংগ্রেসের দখলে থাকা রাজ্যগুলোকে রাজনীতি না করে অর্থ খরচ করতে বলেন তা হলে ভাল হবে।’  

কংগ্রেসের ওই ঘোষণা ‘ভিত্তিহীন’ বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে, রেল মন্ত্রণালয় এর মধ্যে ৩৪টি ট্রেন সফলভাবে চালিয়েছে। বিজেপির অভিযোগ, সোনিয়া গান্ধীর এমন মন্তব্য বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত