স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, করোনা পরিস্থিতিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিয়ে ও সতর্কতা অবলম্বন করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে হবে। গতকাল রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে ৬৪ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির এই দুঃসময় ও দুর্দিনে এলজিইডির জেলা পর্যায়ে কর্মরত নির্বাহী প্রকৌশলীরা কাজ করছেন। আমরা যেভাবে এগোচ্ছিলাম কভিড-১৯ পরিস্থিতির কারণে তাতে কিছুটা বাধার সৃষ্টি হয়েছে। তবে সবাই একযোগে কাজ করলে এ বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমি আশা করি।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও এলজিইডির অন্যান্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে এই ভিডিও কনফারেন্সের উদ্যোগ নেন মন্ত্রী। এ সময় ৬৪ জেলা থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলীরা তাদের কাজের অগ্রগতি মন্ত্রীকে অবহিত করেন এবং বর্তমান পরিস্থিতিতে কী ধরনের সমস্যা মোকাবিলা করছেন তা তুলে ধরেন। তারা জানান, রাস্তায় মাটি ভরাটসহ কিছু কাজ সামাজিক দূরত্ব মেনে করা সম্ভব হচ্ছে। তবে কার্পেটিং বা ঢালাইয়ের কাজ করতে কিছুটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। নিয়মিত যেসব শ্রমিক কাজ করে, তারা নিজ নিজ এলাকায় চলে যাওয়ায় দক্ষ কর্মীর অভাব আছে। পাথর আমদানি ও পরিবহনেও সমস্যা তৈরি হয়েছে। সিমেন্টসহ কিছু উপকরণের দাম বেড়ে গেছে। তা ছাড়া স্বাস্থ্যগত ঝুঁকির ব্যাপারগুলোও আছে। কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসন লকডাউন বা ছুটি বাস্তবায়নে কঠোর হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে।
