করোনাভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের স্টোর রেন্ট মওকুফের সময়সীমা ১৬ মে পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গতকাল সোমবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আহ্বান জানান।
চেম্বার সভাপতি চিঠিতে চিটাগাং চেম্বারের আমদানিকারকদের কন্টেইনারসমূহের স্টোর রেন্ট শতভাগ ৫ মে পর্যন্ত মওকুফ করার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, বর্তমানে যেসব আমদানিকারক শিপমেন্টের অরিজিনাল ডকুমেন্ট এবং ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করতে পারছে তারা দ্রুতগতিতে ডেলিভারি নিচ্ছে। এর ফলে বন্দরে আগের চেয়ে কন্টেইনার জট অনেকাংশে কমেছে।
