গাইবান্ধা জেলা শহরের হকার্স মার্কেটে ১৬০ টাকা কেজিতে আদা কিনে ৩০০ টাকায় বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনে একজন ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মূল্য তালিকা না টানানো ও পণ্যের মোড়ক না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে আরও দুই ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস ও জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা মো. শাহ মোয়াজ্জেম হোসেন।
গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, মূল্য তালিকা না টানানো ও পণ্যের মোড়ক না থাকায় সদর উপজেলার তুলসীঘাট বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা, পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে একটি বেকারিকে তিন হাজার টাকা ও জেলা শহরের হকার্স মার্কেটে ১৬০ টাকা কেজিতে আদা কিনে ৩০০ টাকায় বিক্রি করার দায়ে একজন ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, করোনাভাইরাস ও পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করছেন। তাই বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে এই অভিযান পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
যেখান থেকে নির্দিষ্ট করে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
