নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড নামে একটি রপ্তানীমুখী পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় ১ ঘন্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড পোশাক কারখানার সামনে এ বিক্ষোভের ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করেন। পোশাক কারখানাটিতে শ্রমিকের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পোশাক কারখানাটি খোলার পর থেকেই মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে টালবাহানা করে আসছিল। এর মাঝে বেশ কয়েকবার শ্রমিকদের বেতন পরিশোধের তারিখ দিলেও তারা বেতন পরিশোধ করেন নি। এ নিয়ে বেশ কয়েকবার শ্রমিকরা বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন। মঙ্গলবার মালিকপক্ষ বিকাশের মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবেন প্রতিশ্রুতি প্রদান করেন। মঙ্গলবার সারাদিন পার হয়ে গেলেও মালিকপক্ষ বিকাশের মাধ্যমে বেতন না পরিশোধ না করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পরে রূপগঞ্জ থানা পুলিশ ও কাঁচপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকদের বুঝিয়ে বাড়িতে পাঠায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহমুদুল হাসান বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে রূপগঞ্জ থানা কাঁচপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন তারা। পরে শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করে বাড়িতে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
