সড়ক অবরোধ, বিক্ষোভ

পারিশ্রমিকের টাকা আত্মসাতের ঘটনায় উত্তাল বেনাপোল

আপডেট : ০৬ মে ২০২০, ১২:০৪ এএম

বেনাপোল বন্দর শ্রমিকদের পারিশ্রমিকের ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ফুঁসে উঠেছেন বন্দর শ্রমিকরা। বন্দরের পণ্য লোড-আনলোড বন্ধ রেখে উত্তেজিত শ্রমিকরা সড়ক দখল করে রাখেন তিন ঘণ্টা। গতকাল মঙ্গলবার বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের পাওনা ১ কোটি ২০ লাখ টাকা ফেরতের দাবিতে বন্দরের পাঁচ নম্বর গেটে দফায় দফায় বিক্ষোভ মিছিলও করে। বিক্ষুব্ধ শ্রমিকদের চাপের মুখে বন্দরের শ্রমিক নেতা নকিমউদ্দিন মোল্লা টাকা ফেরতের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেন। বন্দর শ্রমিকদের দুটি সংগঠন মিলে শ্রমিক নকিমউদ্দিনের কাছ থেকে একটি অঙ্গীকারনামা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন।

বেনাপোল বন্দরে কর্মরত শ্রমিক সংগঠন ৮৯১-এর সভাপতি কলিমউদ্দিন জানান, তার সংগঠনের শ্রমিক সংখ্যা ৬১৪ জন। বন্দরের ক্রেন সাইডের মালামাল লোড-আনলোড খাত থেকে প্রতিদিন মজুরি এবং বখশিশের একটি অংশ জমা হয় সংগঠনের নেতা নকিমউদ্দিনের কাছে। গত ১০ বছরে তার কাছে জমাকৃত টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ। এদিকে শ্রমিক নেতা নকিমউদ্দিন মোল্লা টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করে বলেন, সংগঠনের কিছু টাকা তার কাছে জমা ছিল। ওরা যেটা বলেছেন সেটা ঠিক না। আমার কাছ থেকে স্ট্যাম্পে সই করিয়ে নিয়েছেন। পরস্পরবিরোধী বক্তব্যে বর্তমানে শ্রমিকদের টাকা আত্মসাতের ঘটনায় বন্দরের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত