শপিং মল খুলে সরকার মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে : রিজভী

আপডেট : ০৬ মে ২০২০, ০৫:৪৩ এএম

শপিং মলসহ অন্যান্য প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এর মাধ্যমে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে সরকার। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করেন, গরিব, অসহায়, দুস্থ, দিন আনে দিন খায় এমন মানুষদের যাতে ত্রাণ না দিতে হয় সেজন্য সরকার এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।

রিজভী বলেন, অনাচার দুর্নীতির সরকার আছে বলেই করোনা মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। মানুষের আহাজারি, হাহাকারের কান্না শুনতে পাচ্ছি। নির্বাচিত সরকার থাকলে গরিব মানুষ ত্রাণ পেত। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হতো। মানুষকে মৃত্যুবরণ করতে হতো না। তিনি বলেন, সাংবাদিক, পুলিশ আক্রান্ত হচ্ছে। আগাম প্রস্তুতি থাকলে মানুষ আক্রান্ত হতো না। কিন্তু যে সময় প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে সময় সরকার অন্য কাজে ব্যস্ত ছিল। সঠিক পদক্ষেপ না নেওয়ায় এখন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত