লাইনে ভিড় ঠেকাতে মদের হোম ডেলিভারি পশ্চিমবঙ্গে!

আপডেট : ০৬ মে ২০২০, ০৯:১৬ এএম

শিথিল লকডাউন শুরুর পরই ভারতে একদিনে রেকর্ড আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। লকডাউন শিথিল হতেই মদের দোকানগুলোতে দীর্ঘ লাইন পড়ে যায়। ছিল না সামাজিক দূরত্বের বালাই।

এ অবস্থায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় রাজ্যগুলোর উপর দায় চাপিয়েছে কেন্দ্রীয় সরকার।

অনেকেই মনে করছেন, করোনার প্রকোপ বৃদ্ধির মধ্যে দেশজুড়ে মদের দোকান খুলে দেওয়া ছিল ভুল সিদ্ধান্ত। কারণ সামাজিক দূরত্বের বিধিনিষেধকে কার্যত শিকেয় তুলে মদ কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ায় সুরাপ্রেমীরা।

এই সময় জানায়, ক্রেতাদের উৎসাহের ঠেলায় কোথাও লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। কোথাও দোকান খোলার কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ করে দিতে হয়েছে।

গোটা দেশজুড়ে মদের দোকানের বাইরে এই লাইন দেখে নতুন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই রাজ্যে চালু হয়েছে মদের হোম ডেলিভারিও।

ওয়েস্ট বেঙ্গল Bevco-এর পোর্টালে ইতোমধ্যে ‘E-retail’ অপশন চালু করা হয়েছে। সেখানে অর্ডার করলেই বাড়ির সামনের মদের দোকান থেকে অর্ডার অনুযায়ী মদ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

শুধু তাই নয়, মদের দোকানের বাইরে ভিড় দেখে অভিনব উদ্যোগ নিয়েছে বারুইপুরের আবগরি দপ্তর। সুরাপ্রেমীদের প্রত্যেকের হাতে ধরিয়ে দেওয়া হয় মদের কুপন। সেইসঙ্গে দিয়ে দেওয়া হয় নির্দিষ্ট সময়। ওই নির্দিষ্ট সময়ে ক্রেতাদের আসতে বলা হয়েছিল।

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধ লাখ স্পর্শ করার পথে। মৃতের সংখ্যা ১৭শ’ ছুঁই ছুঁই।

দ্য হিন্দুর বুধবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪৯ হাজার ৩৭৪ জন। মারা গেছেন ১ হাজার ৬৮৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত