‌মারামারি করে মদ কেনায় রেশন কার্ড বাতিলের দাবি

আপডেট : ০৬ মে ২০২০, ০৪:৫১ পিএম

কলকাতার জনপ্রিয় অভিনেতা-সঞ্চালক মীর আফসার আলীও লকডাউনে মদের দোকান খোলার বিরুদ্ধে।

এমনও বললেন, যারা সামাজিক দুরত্ব ভুলে মদের দোকানের সামনে লাইন ধরেন তাদের রেশন কার্ড বাতিল করা উচিত।

লকডাউনে কীভাবে সময় কাটছে তা-ই নিয়ে আনন্দবাজার পত্রিকায় লিখেছেন মীর।

করোনা ডায়েরিতে লেখেন, “…আমি এটাও বলেছি যে, যারা মদের দোকানে লাইন দিয়ে, মারামারি করে মদ কিনে এনেছেন, তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া উচিত। কারণ তাদের খাবারের দরকার নেই। খাবারটা অন্য কেউ পাক! মদ নিয়ে যে রকম হ্যাংলামো মানুষ দেখাল, এর পর এ ছাড়া অন্য কিছু তো আর বলতে পারব না।”

আরও লেখেন, “ওই মদের দোকানের লাইনের দৃশ্য ভুলতে পারছি না। এরা কোন জগত থেকে এসেছেন? এতবার সামজিক দূরত্ব নিয়ে বলার পরেও এই ছবি? এদের থেকে দূরে থাকতে হবে। এরা নিজেদের জীবনে ঝুঁকি তো আনছেনই, তার সঙ্গে পরিবার আর অন্য মানুষকেও বিপদে ফেলবেন!”

“অনেকে বলবেন, যারা নিয়মিত নেশা করেন তারা মদ না পেয়ে সুইসাইড করতে যাচ্ছিলেন। এখন হয়তো তাঁরা স্বাভাবিক জীবন কাটাবেন। বেশ! তারা কাটান। কিন্তু মদের জন্য সুস্বাস্থ্য না কি সংক্রমণ দূরে রাখার জন্য সামাজিক দূরত্ব? আজ কোনটা জরুরি?”

এ দিকে বলিউডের মালাইকা আরোরার মতে, মদের দোকান খোলার ফলে অন্যান্য সমস্যার সঙ্গে বেড়ে যাবে পারিবারিক সহিংসতা। নারী ও ছোটদের ওপর অত্যাচার বেড়ে যাবে। তাই লকডাউনের মধ্যে মদের দোকান খোলার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করলেন।

এ দিকে একই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন জাভেদ আখতার। এ কবি-গীতিকার ও চিত্রনাট্যকারের আশঙ্কা নরেন্দ্র মোদি সরকারের এই সিদ্ধান্তে পারিবারিক সংহিংসতা বেড়ে যাবে।

এক নির্দেশনায় জানা যায়, ক্যান্টনমেন্ট জোন বাদে প্রায় সব জায়গায় শর্তসাপেক্ষে খোলা যাবে মদের দোকান। তবে পুরো বিষয়টি রাজ্য সরকারের অনুমতির ওপর নির্ভর করছে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশনায় ক্ষুব্ধ জাভেদ আখতার।

টুইটারে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “লকডাউনের সময় মদের দোকান খোলার প্রভাব আরও মারাত্মক হবে। একাধিক সমীক্ষাতেই দেখা গিয়েছে যে এই লকডাউন পর্বে পারিবারিক সহিংসতার হার বেড়ে গেছে অনেক মাত্রায়। কাজেই মদের দোকান খোলার সিদ্ধান্তে যে শিশু এবং নারীরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন— তা বলাই বাহুল্য।”

ইতিমধ্যেই রেড জোনে থাকা দিল্লি-সহ একাধিক কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য সরকারের নির্দেশ মেনে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে। স্ট্যান্ড অ্যালোন দোকানও খোলার ছাড়পত্র রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত