আইসিসি নিয়ম করার আগেই বল শাইনিংয়ের নিয়ম বদলে ফেলেছে অস্ট্রেলিয়া। বল শাইন করার জন্য বোলার-ফিল্ডারদের মুখের লালা ব্যবহার নিষিদ্ধ করেছে তারা। তাহলে বল শাইন করা হবে কী করে? এ নিয়ে এবার গবেষণা চলছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাঙ্গনে।
কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন দিয়েছেন এক পরামর্শ। তার মতে, বলের এক পাশ একটু ভারী আর অন্য পাশ হালকা করে তৈরি করলেই বল বাতাসে সুইং করবে।
সেক্ষেত্রে আলাদা করে আর শাইন দিতে হবে না। আর বল প্রস্তুত প্রতিষ্ঠান কুকাবুরা আলাদা মোমের প্রলেপ তৈরির ঘোষণা দিয়েছে।
স্কাই স্পোর্টস ক্রিকেট পোডকাস্টে বল চকচকে করার বিষয় নিয়ে ওয়ার্ন বলেন, ‘বলটার এক পাশ একটু ভারী করে বানালে সব সময় ওই পাশ থেকেই সুইং করবে। এতে বল শাইন করার ঝামেলাটা থাকছে না। এটা অনেকটা টেপ টেনিস বলের মতো হবে। এতে করে মরা পিচেও বল সুইং করা নিয়ে ভাবতে হবে না বোলারদের।’
অস্ট্রেলিয়ার বল প্রস্তুতকারক প্রতিষ্ঠান কুকাবুরা একধাপ এগিয়ে নতুন আবিষ্কারের নাম ঘোষণাও করেছে। তারা আলাদা মোমের প্রলেপ প্রস্তুত করবে, যা কয়েকটি ছোট টিউব বোতলে আম্পায়ার ও ফিল্ডিং দলের কাছে থাকবে। প্রয়োজনে তারা ওই মোমের প্রলেপ দিয়েই বল শাইন দেবে। এতে বলে কোনো বাড়তি সমস্যা হবে না বলে জানিয়েছে কুকাবুরা রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার।
তবে এই বস্তুটি ক্রিকেট মাঠে ছাড়ার আগে আইসিসির কাছ থেকে অনুমতি লাগবে কুকাবুরার। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ব্রেট এলিয়ট আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন তাদের প্রস্তাবে রাজি হবে আইসিসি।
