বকেয়া বেতনের দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল বুধবার গাজীপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেন। গতকাল সকাল থেকে গাজীপুরের সাইনবোর্ড, বোর্ডবাজার, কুনিয়া ও মৌচাক তেলিরচালা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তারা কারখানায় স্বাস্থ্য সুরক্ষা ও চলতি মাসের পূর্ণ বেতনেরও দাবি জানান।
এদিকে গতকাল সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ক্লাস্টন অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তারাবো সুলতানা কামাল সেতুর সড়কটি ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। এতে করে সুলতানা কামাল সেতুর দুপাশে দীর্ঘ ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর-২ শিল্পপুলিশের পরিচালক সিদ্দিকুর রহমান জানান, অ্যাবা ফ্যাশন লিমিটেড, এম অ্যান্ড ডব্লিউ ফ্যাশন লিমিটেড, বেন্ডু ফ্যাশন লিমিটেড, বে-ফুটওয়্যার লিমিটেড কারখানায় বিভিন্ন দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
রূপগঞ্জে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ : স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, উপজেলার তারাবো হাটিপাড়া ক্লাস্টন অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় প্রায় ৩০০ শ্রমিক কাজ করেন। এ সময় শ্রমিকদের মার্চ ও এপ্রিল দুই মাসের বকেয়া বেতন রয়েছে। গতকাল শ্রমিকদের বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দেয় মালিকপক্ষ।
ক্লাস্টন অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপক মাহবুব আলম দেশ রূপান্তরকে বলেন, ১০ মে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই আবদুস সবুর খান বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের খবরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করে বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
