নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র দিনমজুরদের মানবিকতার পুরষ্কার হিসেবে প্রধানমন্ত্রীর তহলবিল থেকে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দরিদ্র দিনমজুরদের এ সহায়তা প্রদান করেন তিনি।
এর আগে বুধবার ৬ মে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় দিনব্যাপী ডালিম গাজী নামে এক হত দরিদ্র কৃষকের জমির পানিতে তলিয়ে যাওয়া ধান বিনা পারিশ্রমিকে কেটে দেন কয়েকজন দরিদ্র দিনমজুর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এটি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নজরে আসে।
বৃহস্পতিবার ওই দরিদ্র দিন মজুরদের ডেকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর তহলবিল থেকে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভন, সাংবাদিক মাহবুব আলম প্রিয় প্রমুখ।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম দেশ রূপান্তরকে বলেন, এক দরিদ্র কৃষকের ধান অন্য দরিদ্র দিনমুজুররা বিনা পারিশ্রমিকে কেটে দিয়েছেন ব্যপারটি প্রশংসার। উপজেলা প্রশাসন তাদের সহায়তা অব্যাহত রাখবে। তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহলবিল থেকে ত্রাণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
