দেশের খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ এড়াতে কৃষিতে প্রয়োজনে ঝুঁকি নিয়ে হলেও কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় অনলাইন সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, করোনাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের সবচেয়ে বড় মৌলিক চাহিদা হলো খাদ্য। আমরা কোনোক্রমেই কোনো মানুষকে অভুক্ত রাখতে পারি না। করোনায় চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী যেমন ফ্রন্টলাইনে থেকে কাজ করে যাচ্ছে, তেমনি কৃষিতে প্রয়োজনে ঝুঁকি নিয়ে হলেও কাজ করে যেতে হবে। যাতে দেশে খাদ্যের কোনো ঘাটতি না হয়, দুর্ভিক্ষ না হয়। তিনি বলেন, করোনার দুর্যোগ মোকাবিলা করতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির বর্তমান ধারা শুধু অব্যাহত রাখা নয়, তা আরও বেগবান করতে হবে। এ লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সকলকে নিজ নিজ কর্মস্থলে থেকে নিরলসভাবে কাজ করতে হবে।
