করোনায় আক্রান্ত ট্রাম্পের ব্যক্তিগত কর্মচারী

আপডেট : ০৮ মে ২০২০, ১০:৫২ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসে সেবার কাজে নিয়োজিত থাকা এক সামরিক কর্মচারী। তবে তার সংস্পর্শে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কভিড-১৯ টেস্ট নেগেটিভ এসেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, করোনায় আক্রান্ত কর্মচারী ট্রাম্পের ব্যক্তিগত সেবার কাজে নিয়োজিত।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র হোগান জিডলে বলেছেন, “হোয়াই হাউস মেডিকেল টিমের মাধ্যমে আমরা সম্প্রতি লক্ষ্য করেছি, হোয়াইট হাউসের ক্যাম্পাসে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক সদস্য করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন। তবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের টেস্ট নেগেটিভ এসেছে। তাদের স্বাস্থ্য খুবই ভালো।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব নিকটে আসা লোকদের মধ্যে এই প্রথম কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতির খবর পাওয়া গেল। এর আগে মার্চের শুরুতে ফ্লোরিডায় তার ব্যক্তিগত ক্লাবের বেশ কয়েকজন কর্মচারী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন বলে খবর প্রকাশিত হয়েছিল।

এই নিয়ে দুইবার করোনা টেস্ট হলো ৭৩ বছর বয়সী ট্রাম্পের। দুইবারই তার টেস্টের ফল নেগেটিভ এসেছে। হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের প্রথম কভিড-১৯ টেস্ট হয় ২ এপ্রিল।

নিজের ব্যক্তিগত কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়া নিয়ে ট্রাম্প বলেছেন, “আমি খুব কমই তার সংস্পর্শে এসেছি। ওই ভদ্রলোকের সঙ্গে ব্যক্তিগত সংস্পর্শ আমার খুবই কম হয়েছে।”

“আপনারা জানেন আমি এটা গতকালও বলেছি- সরকার, এই দেশের সব জনগণ যোদ্ধা। এই মুহূর্তে আমরা এখন সবাই যোদ্ধা।”

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ। যুক্তরাষ্ট্রে মৃত্যু দাঁড়িয়েছে ৭৫ হাজার, যা বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত